Header Ads Widget

Responsive Advertisement

টাকার বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান, সতর্ক করলেন হাসনাত আব্দুল্লাহ



ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন :টাকার বিনিময়ে ভোট দিলে আল্লাহর আরশ কেঁপে উঠবে—এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অর্থের লোভে ভোট বিক্রি করলে পরবর্তী পাঁচ বছর জনগণকে পরাধীনতার মধ্যেই কাটাতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলার স্বাধীনতা চত্বরে খুলনা-৫ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, এবারের নির্বাচনে কালো টাকার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তার ভাষায়, একটি দল কালো টাকার জোরে নির্বাচনে নেমে গণমাধ্যম দখল করেছে এবং প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, আবারও যদি পাতানো নির্বাচনের পথে যাওয়া হয়, তবে জনগণের বিদ্রোহ সামাল দেওয়া সম্ভব হবে না।

তিনি আরও বলেন, “আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি, আর একটি দল বুলেটের প্রস্তুতি নিচ্ছে।” এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নির্বাচনের সঙ্গে জড়িত সব পক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, মৃত ব্যক্তির নামে ভোট পড়েছে এবং ডামি নির্বাচন আয়োজন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ড ওপর মহলের নির্দেশে হয়েছে বলেই তিনি মনে করেন।

তিনি বলেন, এবার প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তবে জনগণের আস্থা ফিরে আসবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ